পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম এর জন্ম, বোধিজ্ঞান ও মহানির্বাণ লাভ স্মরণে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রধান ধর্মীয় উৎসব এদিনটি পালনের জন্য বিভিন্ন বৌদ্ধ সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে। বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সকাল সাড়ে ১১টায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বোধি বৃক্ষের চারা রোপন করেন। ২০০৪ সালে ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের এ বোধি বৃক্ষের চারা উপহার দিয়েছিলেন।
২০০৪ সালে উপহার দেওয়া চারা এখন রোপন করার প্রসঙ্গে ড. সুকোমল বড়ুয়া জানান, তারা চেয়েছিলেন ভারতের রাষ্ট্রপতির উপহার দেওয়া বোধি বৃক্ষের চারাটি বাংলাদেশের রাষ্ট্রপতি নিজহাতে রোপন করবেন। অসুস্থতা ও অন্যান্য কারণে রাষ্ট্রপতি সময় দিতে পারেননি। এবার রাষ্ট্রপতি সময় দেওয়ায় চারাটি রোপন করা হলো।
সকাল ৭টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমার দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি র্যালি নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। সকাল ৯টায় বুদ্ধপূজা ও প্রার্থনার পর ১০টার দিকে বৌদ্ধ ভিক্ষু মহাসঙ্গধান ও ভিক্ষুদের আহার গ্রহণ করেন।
বৌদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাশায়োকি ইনোয়ে, ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী, থাই দূত চিত্রানুহ এবং শ্রীলঙ্কার এসবি কুমারমূর্তি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আসেন। এছাড়া থাইল্যাণ্ডের একটি প্রতিনিধি দল এবং বিভিন্ন মিশনের কর্মকর্তারা এসেছিলেন।
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী ২৫৫১ বুদ্ধ জয়ন্তী পালন করছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দুই দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন।
