স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে অভিযুক্ত রেজাউল করিমকে ডাবল যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে ঝিনাইদহের এক আদালত।
সোমবার জেলা দায়রা জজ এবং এসিড অপরাধ দমন বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক সা কা ম আনিছুর রহমান খান এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, রেজাউল ১০ হাজার টাকা যৌতুকের দাবি করে স্ত্রী বুলবুলি খাতুন সুমির ওপর নির্যাতন চালাতো। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি সুমিকে ঝিনাইদহ শহরের নতুন কোর্ট পাড়ার একটি নার্সারির পাশে নিয়ে শরীরে এসিড নিক্ষেপ করে রেজাউল পালিয়ে যায়।
এ ঘটনার পরদিন সুমি বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এসিড অপরাধ দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফের যাবজ্জীবন কারাদণ্ড ও আরও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
জরিমানার টাকা আদায় করে সুমিকে দেওয়ার জন্য জেলা হাকিমকে আদেশ দিয়েছে আদালত। উভয় কারাদণ্ড একইসঙ্গে চলবে বলেও রায়ে বলা হয়েছে।
রেজাউলের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রুপদাহ গ্রামে এবং সুমির বাড়ী একই উপজেলার দরিয়াপুর গ্রামে।
