২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় পৌর চেয়ারম্যানের রিমান্ড আবেদন নামঞ্জুর

চাকরি দেয়ার নামে ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় পঞ্চগড় পৌরসভা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তৌহিদুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেনি আদালত।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 07:27 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সোমবার পঞ্চগড়ের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তৌহিদুল ইসলামের তিন দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান খান পৌর চেয়ারম্যানের রিমান্ডের আবেদন জানালে আসামী পক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

এ সময় মামলার বাদী শহরের ইসলামবাগ মহল্লার আনোয়ার হোসেন আসামির সঙ্গে মিমাংসা হয়েছে বলে আদালতকে জানান। এজন্য তিনি মামলা পরিচালনা করবেন না বলেও আদালতকে লিখিত দেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ওই মামলায় জামিন ও রিমান্ডের আবেদন দুটিই মঞ্জুর না করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জরুরি ক্ষমতা বিধিমালায় পুলিশ গত ২৫ এপ্রিল তৌহিদুল ইসলামকে আটক করে। এর দুদিন পর তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পঞ্চগড় থানায় একটি মামলা দায়ের করেন আনোয়ার হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, আপসরফার দলিল আদালতে উপস্থাপন করায় অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।