মানিকগঞ্জ পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে আরও দুটি দুর্নীতির মামলা
মানিকগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মো. রমজান আলীর বিরুদ্ধে সোমবার সদর থানায় আরও দুটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক শফিকুর রহমান বলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আবদুল মাজেদ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
মামলা দুটির এজাহারে বলা হয়েছে, পৌর চেয়ারম্যান মো. রমজান আলী এবং পৌর কমিশনার হামিদুর রশিদ কাজল ২০০৪ সালে পৌরসভার দুর্ঘটনা কবলিত পাজেরো জীপ মেরামতের নামে দরপত্র আহবান না করেই পৌর তহবিল থেকে চেকের মাধ্যমে এক লাখ টাকা আত্মসাৎ করেন। একইভাবে ২০০৬ সালেও ওই গাড়ি মেরামতের নামে আরও এক লাখ টাকা আত্মসাৎ করেন।
এই অভিযোগে সোমবার দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মামলায় চেয়ারম্যান রমজান আলীসহ কমিশনার হামিদুর রশিদ কাজলকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এর আগে গত ১০ এপ্রিল রমজান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সদর থানায় আরও একটি মামলা দায়ের করে দুদক।
দুর্নীতির অভিযোগে গত ২৫ ফেব্রুয়ারি পৌর চেয়ারম্যান রমজান আলীকে যৌথবাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে।
