২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কারা কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে’

কারা কর্মকর্তাদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে মান বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক আইজিপি আনোয়ারুল ইকবাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 02:55 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সোমবার সাত দিনব্যাপী কারা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সারা দেশের ৬৬ টি কারাগারে আগামী ৬ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এ সপ্তাহ।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার অধিদপ্তর মাঠে কারারক্ষীদের কুচকাওয়াজ এবং অধিদপ্তরের কর্মকর্তাদের বার্ষিক সভার আয়োজন করা হয়। এ ছাড়া রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজসহ আরও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “বিপথগামী বন্দীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে সংশোধন করতে পারলে তা সমাজ তথা জাতির জন্য হবে বড় পাওয়া। একজন অপরাধী যদি ভালো মানুষ হয়ে সমাজে ফিরতে পারে তাহলে সে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে।”

উপদেষ্টা আরও বলেন, “আপনাদের কার্যক্রম সম্পূর্ণ সেবামূলক। বন্দীরা আপনাদের হাতে সোপর্দিত। আপনারা তাদের জিম্মাদার। আত্মীয়-পরিজন থেকে আলাদা হয়ে একাকী বন্দী জীবনে আপনারাই তাদের সবচেয়ে কাছের। সামাজিকভাবে বন্দীরা অমাদেরই কারও না কারও আত্মীয়-স্বজন। তাই তাদের প্রতি আপনাদের ব্যবহারও সেরকম হওয়া উচিত।”

কারা কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে উপদেষ্টা বলেন, “আপনাদের বেশ কিছু সমস্যা যেমন-আবাসন, জনবল, রেশন, যানবাহন ইত্যাদি ঘাটতির ব্যাপারে সরকার অবহিত আছে। সরকার সীমিত সাধ্যের মধ্যে তা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।”

এর আগে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল কারারক্ষীদের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ, মহা কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জাকির হাসান এবং র‌্যাবের মহা-পরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপ মহা-কারা পরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বন্দীদের মানসিক উৎকর্ষ সাধন, কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক বোধ সৃষ্টির উদ্দেশ্যে গত বছর থেকে কারা সপ্তাহ পালন করা হচ্ছে।