২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রীতি ম্যাচ নিয়ে সংঘর্ষে অর্ধ শতাধিক আহত

প্রীতি ক্রিকেট ম্যাচ শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি গ্রামের অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 02:48 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

রোববার সন্ধ্যা ও সোমবার সকালে কয়েক দফা সংঘর্ষে শতাধিক বাড়ি ও দোকান-পাট ভাংচুর এবং ৭/৮টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় মোট ২৯ জনকে আটক করে পুলিশ।

আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুগ্নীদহ ও পারকোলা গ্রামের মধ্যে রোববার একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু খেলার ফলাফল মেনে নিতে না পারায় দুই গ্রামের বাসিন্দারা রোববার সন্ধ্যায় কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়।

ওই ঘটনার জের ধরে সোমবার ভোরে যুগ্নীদহ গ্রামের লোকজন লাঠিসোটা ও দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে পারকোলা গ্রামে হামলা চালালে আবারও সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশ কয়েক দফা লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনীর সহযোগিতায় সকাল ১০ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। যৌথবাহিনীর হস্তক্ষেপের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।