টঙ্গি ও হায়দারাবাদ রেল সেতুর ইম্পাতের পাতে ৫৪০টি ফাটল
ঢাকা-জয়দেবপুর রুটের টঙ্গি ও হায়দারাবাদ রেল সেতুর ইম্পাতের পাতে ৫৪০টি ফাটল চিহ্নিত করেছে রেল কর্তৃপক্ষ। খোদ রেলের কর্তাব্যক্তিরাই বলছেন, এসব ফাটলের কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
রেলওয়ের যুগ্ম মহা পরিচালক (অবকাঠামো) প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “দুটি সেতুর প্রতিটি ইস্পাতের পাতেই ফাটল ধরা পড়েছে। কিছু পাতের অবস্থা এতোটাই নাজুক যে এখনই ব্যবস্থা নেওয়া না গেলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সাময়িকভাবে ইস্পাতের পাতগুলোর ফাটল ‘ওয়েল্ডিং’ করে মেরামত করা হয়েছে বলে জানান তিনি।
রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে সেতুগুলোর ওপর দিয়ে দ্রুতগতিতে ট্রেন না চালানোর জন্য চালকদের নির্দেশ দেওয়া হয়েছে, তবে এটা যথাযথ পদক্ষেপ নয়।”
রেলওয়ের ট্রাফিক বিভাগ জানায়, প্রতিদিন গড়ে ৭০টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন ওই দুটি সেতুর ওপর দিয়ে কমলাপুর স্টেশনে যাতায়াত করে। সেতুগুলোতে কোনো দুর্ঘটনা ঘটলে রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে।
মেরামত ও পুনর্গঠন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান জানান, এক সপ্তাহ আগে সেতু দুটিতে রেল লাইন বসানোর ২৭০ ফুট দীর্ঘ ইস্পাতের পাতগুলোর উভয় পাশে ফাটল ধরা পড়ে। দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়। তাদের পরামর্শ মেনেই পাতগুলো ওয়েল্ডিং করা হয়েছে।
