ঘুষ নেওয়ার সময় কক্সবাজারে সমাজসেবা অধিদপ্তরের প্রধান সহকারী গ্রেপ্তার
কলেজ ছাত্রের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় রোববার সমাজসেবা অধিদপ্তরের প্রধান সহকারী তৈয়ব আলীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
কক্সবাজার সরকারি কলেজের ছাত্র হাসান আলী জানান, ২০০১ সালে মার্চ মাসে মা-বাবার নামে তিনি ‘নূর হালিমা ফাউন্ডেশন’ দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রায় তিন মাস আগে জেলা সমাজসেবা অধিদপ্তরে প্রতিষ্ঠানটির অধিভুক্তির আবেদন জানালে অফিসের প্রধান সহকারী তৈয়ব আলী ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।
হাসান আলী তিন কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দিতে রাজি হন এবং ব্যাপারটি যৌথবাহিনীর সদস্যদের জানান। রোববার হাসান প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা দেওয়ার সময় যৌথবাহিনী তৈয়ব আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে সেনাক্যাম্পে নিয়ে যায়।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাতিয়ারকুল এলাকার তৈয়ব আলী যৌথবাহিনী ও সাংবাদিকদের কাছে ঘুষ নেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই দপ্তরে কোনও ফাইল ছাড় করাতে হলে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রশিদুল হক ও জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা অভিজিৎ সাহাকে ঘুষ দিতে হয়।
অবশ্য জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রশিদুল হক ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে জানান, সব প্রক্রিয়া শেষে ফাইল এলে তিনি ছেড়ে দেন।
তৈয়ব আলীকে যৌথবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে।
