গোদনাইলের সরকারি ভবঘুরে কেন্দ্রে জনপ্রতি বরাদ্দ ২৫ টাকা
সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত সরকারি ভবঘুরে আশ্রয়কেন্দ্রে আশ্রিতাদের জন্য প্রতিদিন বরাদ্দ মাথাপিছু মাত্র ২৫ টাকা।
এতো কম টাকার বাজেট দিয়ে ২শ ৫২ জন আশ্রিতা নারীর খোরাক জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সমাজসেবা অধিদপ্তর তাই সরকারের আর্থিক সীমাবদ্ধতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে এবং আশ্রিতাদের কল্যাণে প্রথমবারের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
আশ্রিতাদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে স্থানীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সরকারি কর্মকর্তা, এনজিও, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এ হাই হাওলাদার।
জেলা প্রশাসক আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক হাফিজুল ইসলাম মিয়া, জেলা সমাজজসেবা কার্যালয়ের উপ পরিচালক দেওয়ান আবদুর রশীদ, ইসলামী ফাউন্ডেশন নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ তাহের হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রুমন রেজা, জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, গ্রিন ফর পিসের নির্বাহী পরিচালক এস এম আরিফ মিহির।
সভায় আশ্রয় কেন্দ্রের আশ্রিতা বিলকিস বেগম জানান, কোনোরকমে খেয়ে, না খেয়ে জীবন কাটাতে হচ্ছে তাদের। বিত্তবান মানুষেরা এগিয়ে এলে তাদের এই কষ্ট অনেকটাই লাঘব হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এ হাই হাওলাদার সরকারি বাজেটের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, “আমরা চাই আশ্রয় কেন্দ্রের নিবাসীদের কল্যাণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক, আগামী ১ জুলাই থেকে জনপ্রতি বরাদ্দ ২শ টাকা বাড়িয়ে ১২শ টাকা করা হবে। কিন্তু তাও পর্যাপ্ত নয়। তাই বেসরকারি সহযোগিতার প্রয়োজন রয়েছে।”
সভায় জানানো হয়, গোদনাইল সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রিতার সংখ্যা বর্তমানে ২শ ৫২ জন। তাদের জন্য মাসিক বরাদ্দ মাথাপিছু মাত্র এক হাজার টাকা। প্রতিদিন মাথাপিছু খাদ্য বাজেট মাত্র ২৫ টাকা।
