২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি রেনু আহরণে নিষেধাজ্ঞা এক মাসের জন্য শিথিল

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চিংড়ি পোনা সংকটের কারণে প্রাকৃতিক উৎস থেকে রেণু আহরণের ওপর নিষেধাজ্ঞা এক মাসের জন্য শিথিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

কৃষি, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি এস করিম রোববার বিকালে বাগেরহাট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, এ অঞ্চলের চাষিদের চিংড়ি পোনা চাহিদার কথা বিবেচনা করে প্রাকৃতিক উৎস থেকে চিংড়ি পোনা ধরার ওপর নিষেধাজ্ঞা এক মাসের জন্য শিথিল করা হলো। তবে চিংড়ি রেণু সংগ্রহের সময় অন্য মাছের রেণু যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সেগুলো নদীর পানিতে রেখেই ছেড়ে দিতে হবে।

চাষিদের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা প্রবাহমান খালে বাঁধ দিয়ে যে কোনো ধরনের মাছ চাষ বন্ধের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি আরো জানান, মাছ চাষের নীতিমালা প্রণয়নের কাজ চলছে। শিগগির তা প্রকাশ করা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কৃষি অধিদফতরের মহাপরিচালক আব্দুর রহিম, বাগেরহাটের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান, বাগেরহাট জেলায় যৌথবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল ইশরাত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. নিত্যানন্দ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা ড. সি এস করিম গত শনিবার দুই দিনের সফরে খুলনা ও বাগেরহাট অঞ্চলে আসেন। রোববার সকালে তিনি সুন্দরবন পরিদর্শন করেন।