বুশরা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মুক্তি
বহুল আলোচিত বুশরা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, ওই দুজনকে মুক্তি দিতে হাইকোর্টের দেওয়া রায় সুপ্রিম কোর্ট ২৭ মে পর্যন্ত স্থগিত রাখা সত্ত্বেও তারা মুক্তি পেয়ে গেল।
মুক্তি পাওয়া দুজন হচ্ছে, শেখ কবির আহমেদ ও শেখ শওকত আহমেদ রুহুল।
২০০৩ সালের ৩০ জুন বুশরা হত্যা ও ধর্ষণ মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত আসামী আবদুল কাদের, শেখ কবির আহমেদ ও শেখ শওকত আহমেদ রুহুলকে মৃত্যুদণ্ডাদেশ এবং রুনু কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কলেজ ছাত্রী রুশদানিয়া ইসলাম বুশরাকে ২০০০ সালের ১ জুলাই রাজধানীর খিলগাঁওয়ে তার নিজ বাড়িতে ধর্ষণের পর হত্যা করা হয়। (সংশোধিত)
হাইকোর্ট এ মামলায় আবদুল কাদের ও রুনু কাদেরের দণ্ড বহাল রেখে গত ২৯ জানুয়ারি কবির ও রহুলকে খালাস দেয়। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ গত ৬ ফেব্রুয়ারি কবির ও রুহুলের খালাসের রায় ২৭ মে পর্যন্ত স্থগিত করে।
কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিছুদিন আগে ছোটখাটো অপরাধের জন্য দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার যে ঘোষণা দিয়েছিল সেই সুযোগ নিয়ে কারা কর্তৃপক্ষ গত ৬ মার্চ কবিরকে মুক্তি দেয়।
অন্যদিকে হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার পর কাশিমপুর কারাগারে বন্দি রুহুলকে মুক্তির আদেশ দেয় বিচার আদালত। এই নির্দেশের ফলে রুহুল ২৩ এপ্রিল মুক্তি পায়।
গোলাম কিবরিয়া বলেন, হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হওয়ায় কবির ও রহুল মুক্তি পেতে পারে না। তিনি এ বিষয়টি আগামী ২৭ মে আপিল বিভাগের দৃষ্টিতে আনবেন বলে জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা তিনি দেখেননি। কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কিবরিয়াকে জানানো হয়, কবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিনা তা তারা জানেন না।
