রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীতে রোববার গৃহকর্মী পারভীনের (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকাল নয়টায় তেজগাঁও থানার মণিপুরী পাড়ার আমিন টাওয়ারের ১০২/১ নং বাসার বাথরুম থেকে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ পারভীনের লাশ উদ্ধার করে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা গ্রামে।
গৃহকর্তা মো. হুমায়ুন হাফিজ দাবি করছেন, বাড়ির অপর গৃহকর্মী পাপিয়ার সঙ্গে ঝগড়া করে পারভীন আত্মহত্যা করেছে।
এ বিষয়ে তেজগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “তদন্ত প্রতিবেদন এলেই বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এটি হত্যাকাণ্ড হলে মামলায় ওই বাড়ির প্রত্যেককে অভিযুক্ত করা হবে।”
