এরশাদের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ
এরশাদের বিরুদ্ধে দায়ের করা ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক জাতীয় সম্প্রচার কেন্দ্রের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল বারী এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক প্রধান প্রকৌশলী নওশের আলী রোববার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সাড়ে ১০ টা থেকে ১১টা ২৫ পর্যন্ত ঢাকার বিশেষ বিভাগীয় জজ মালিক আবদুল্লাহ আল আমিনের আদালতে ইএনজি মামলার সাক্ষ্য গ্রহণ হয়। আদালতে সাইফুল বারী ও নওশের আলী জানান, সরকারি নিয়ম মেনেই ইএনজি ইউনিট (যন্ত্রপাতি) কেনা হয়।
আদালত আগামী ৩০ মে পুনরায় ইএনজি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। হুসেইন মুহম্মদ এরশাদ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
১৯৮৮ সালের বন্যার পর রাষ্ট্রপতির সচিবালয়ের অনুমোদিত বরাদ্দের মাধ্যমে জাতীয় সম্প্রচার কেন্দ্রে ইএনজি ইউনিট আনা হয়। এজন্য বিটিভির কোনও বরাদ্দ ছিল না। অভিযোগ রয়েছে, এর মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থ অপব্যবহার করা হয়েছে।
সাইফুল বারী ও নওশের আলী হচ্ছেন এ মামলায় তৃতীয় ও চতুর্থ সাক্ষী। এর আগে গত ২৭ মার্চ এ মামলায় দ্বিতীয় সাক্ষী বাংলাদেশ টেলিভিশনের তৎকালীন উপ-সহকারী প্রকৌশলী ইকবাল আহমেদের সাক্ষ্য গ্রহণ হয়।
মামলায় হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে আইনজীবী ছিলেন শেখ সিরাজুল ইসলাম এবং রাষ্ট্র পক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন।
সকাল সাড়ে ১০ টার কিছু আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসেন বাবলাকে নিয়ে আদালতে উপস্থিত হন এরশাদ।
একই আদালতে এরশাদ টিঅ্যান্ডটি, শিল্প ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত দুর্নীতি মামলায়ও হাজিরা দেন।
