২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির আসামি জেএমবি নেতা আরিফ দেখতে কেমন, জানে না গোয়েন্দারাও

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জেএমবির ‘এহসার’ সদস্য আসাদুল ইসলাম আরিফ এখনও ধরাছোঁয়ার বাইরে। ওই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির ছয় শীর্ষ জঙ্গির ফাঁসি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। কিন্তু আরিফ ধরা পড়েননি। শুধু তাই নয়, তার কোনও ছবি বা স্কেচও নেই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। নেই তার অবস্থান সম্পর্কেও কোনও ধারণা। বিস্তারিত জানাচ্ছেন আবু নোমান সজীব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 02:03 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আসাদুল ইসলাম আরিফ জেএমবির খুলনা বিভাগের সেকেন্ড ইন কমান্ড এবং বরিশাল বিভাগীয় প্রধান।

বিচারক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান তার তদন্ত প্রতিবেদনে জানান, আরিফের কোনও স্কেচ বা ছবি আমরা পাইনি।

বিচারক রেজা তারিক আহম্মেদ মামলার রায়ে আরিফ সম্পর্কে বলেন, গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর তার ফাঁসি কার্যকর করা হবে।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবির বোমা হামলায় নিহত হন বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ। মুন্সি আতিকুর রহমান হত্যার সঙ্গে আরিফের জড়িত থাকার প্রমাণ পান।

১৪ নভেম্বরের আত্মঘাতী বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুনের সঙ্গে ছিল তার নিয়মিত যোগাযোগ। জেএমবির এহসার সদস্য হিসেবে বিচারক হত্যা অপারেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আরিফ। ওই মিশন সম্পন্ন করার আগে ঝালকাঠিতে এলাকা রেকি করা, পৌর শহরেরর বাড়ি ভাড়া নেওয়া এবং সব বিষয়ে মামুনকে সহায়তা করাসহ বোমা হামলার মূল পরিকল্পনার সঙ্গেও জড়িত ছিল সে। বোমা হামলার ২/১ দিন আগেও সে ঝালকাঠিতে ছিল বলে নিশ্চিত হন মামলার তদন্তকারী কর্মকর্তা।

প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ২০০৫ সালের ২১ মার্চ ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে আরিফুর রহমানকে আট নাম্বার অভিযুক্ত হিসেবে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলার মোট ৫৩ জন সাক্ষির মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০০৬ সালের ২৯ মে রায় ঘোষণা করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

আরিফের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢালুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে। এ গ্রামের নতুন নাম রাখা হয়েছে ইসলামপুর।

২০০৪ সালের ৩০ জুন বরগুনার শিয়ালিয়া আহম্মেদ মাস্টারবাড়ির মসজিদে জঙ্গি প্রশিক্ষণ চলাকালে আসাদুল ইসলাম অরিফসহ ৩৩ জঙ্গি ধরা পড়ে। তখন তাদের কাছ থেকে জঙ্গি বই এবং ভবিষ্যত পরিকল্পনার মানচিত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি ও জামাত নেতাদের জোরালো তদবিরে তারা অল্পদিনের মধ্যেই কারাগার থেকে মুক্তি পান। মামলার বাদি মাওলানা বায়েজীদকে ভয়ভীতি দেখিয়ে মামলাটি প্রত্যাহার করানো হয়। ছাড়া পাওয়ার পর জঙ্গিরা আবারো তৎপরতা শুরু করে।

পরে ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পর বরগুনার গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই দাউদ হোসেন ওই বছরের ২২ নভেম্বর শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানী এবং আসাদুল ইসলাম আরিফসহ সংশি¬ষ্ট জঙ্গিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

হাফেজ মোস্তফা হাসানকে ২০০৫ সালের ১৭ আগস্ট রাতে বরগুনা থানা পুলিশ এবং পটুয়াখালী জেলা কমান্ডার হাফেজ আল আমিনকে পটুয়াখালী থানা পুলিশ ৪ ডিসেম্বর গ্রেপ্তার করে। বরগুনার জেলা কমান্ডার মাসুম বিল¬¬াহসহ কয়েকজন আত্মসমর্পণ করেছেন। কিন্তু আসাদুল ইসলাম আরিফ, বক্সার শহিদুল ইসলাম, আব্দুল হক আব্বাসী এবং আব্দুর রহমান এখনো ধরা পড়েনি।

এ ব্যাপারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখা প্রধান লে. কর্নেল আসিফ আহম্মেদ আনছারীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

তবে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, “আমরা আরিফকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি।”

কিন্তু কোন ছবি বা স্কেচ না থাকায় তাকে কিভাবে ধরা সম্ভব প্রশ্ন করা হলে তিনি বলেন, “ছবি না থাকলেও বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা এ ব্যাপারে কাজ করছি। ইতিমধ্যে কয়েকটি যোগসূত্র এবং আরিফের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।”

অচিরেই আরিফকে ধরা সম্ভব হবে বলেও কর্নেল গুলজার দাবি করেন।

অন্যদিকে মহা-পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, “আরিফকে ধরার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের (ঝালকাঠি) অভিযান অব্যহত রয়েছে। এছাড়া তাকে গ্রেপ্তারের জন্য দেশের সবকটি থানায় তথ্য দেওয়া রয়েছে।”

তবে আরিফ বর্তমানে দেশে না দেশের বাইরে অবস্থান করছে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য করেননি।