২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লা খনি বিশেষজ্ঞের মৃত্যুর কারণ হিট স্ট্রোক মনে করছে তদন্ত কমিটি

বড়পুকুরিয়া কয়লা খনিতে ব্রিটিশ পরামর্শক আলবার্ট বেইঞ্জ ডেভিসের (৬২) মৃত্যুর কারণ অনুসন্ধানে তিনটি টিম কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে হিট স্ট্রোকে ডেভিসের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 10:14 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (বাস্তবায়ন) মসলেম উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি শনিবার খনির বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বলেছে।

বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে চার সদস্যের আরও দুটি তদন্ত টিম শনিবার থেকে ডেভিসের মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে। পেট্রোবাংলার তদন্ত দলটির প্রতিবেদন আগামী পাঁচ দিনের মধ্যে দেওয়া যাবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।

একই সময় অন্য দুটি তদন্ত দলের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তে টীমের একাধিক সদস্য জানান, হিট স্ট্রোকে ডেভিসের মৃত্যুর ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন। তবে এখনো বিষয়টি যাচাই করা হচ্ছে।

খনির ভেতর ডেভিসের মৃত্যুর দিন তার একমাত্র সঙ্গী নিক উডবার্ন জানান, সেদিন ১১১০ নম্বর কয়লা ফেজের অবস্থা নির্ণয়ের জন্য তারা গিয়েছিলেন। ওই ফেজটি খুবই ঝুঁকিপূর্ণ। ফেজটি চালুর পর বিষাক্ত গ্যাস নিঃসরণ হওয়ায় গত বছরই তা বন্ধ করে দেওয়া হয়।

নিক বার্ড আরও জানান, ঘটনার দিন ১১১০ নম্বর ফেজে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা ছিল।

এদিকে ডেভিসের মৃত্যুর পরও খনির কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার পর্যন্ত সেখান থেকে প্রায় ১৫ শ মেট্রিক টন কয়লা উত্তোলন হয়েছে।