২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা রাজশাহী খুলনায় সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত

কুমিল্লা, রাজশাহী ও খুলনায় শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুমিল্লা প্রতিনিধি জানান, বুড়িচং উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার দুপুরে ট্রাক ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে অটোরিকসা চালক আবু হানিফ (২৮) ও যাত্রী খোদেজা বেগম (৩০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুজন আহত হন।

নিহত আবু হানিফ ও খোদেজা বেগমের বাড়ি দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে। আহত দুই যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর একটার দিকে দেবপুর পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে মাটিবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকসাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। তবে চালককে গ্রেপ্তার করা যায়নি।

এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে জানান মো. আলাউদ্দিন।

রাজশাহী প্রতিনিধি জানান, গোদাগাড়ি উপজেলার রাজবাড়ি চেকপোস্টের কাছে উদপুরে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।

গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে সাতটায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক একটি ভ্যানকে পেছনদিক থেকে ধাক্কা দিলে ভ্যান আরোহী দিনমজুর মতিউর রহমান (৫০) ও আবুল কালাম (৪৫) ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ভ্যান চালক মিনারুল গুরুতর আহত হন। তাকে প্রেমতলী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হতাহতদের সবার বাড়ি বিদিরপুর গ্রামে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে গোদাগাড়ি থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।

খুলনা প্রতিনিধি জানান, পাইকগাছা উপজোর আলমতলা বাজারে হিউম্যান হলার ‘নছিমন’ ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মীরানী মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধা নিহত ও তার দুই নাতি-নাতনি আহত হয়েছেন।

পাইকগাছ থানার কর্তব্যরত দারোগা আজমল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে আলমতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নছিমনের যাত্রী লক্ষ্মী মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় পাইকগাছ উপজেলা স্বাস্থ্য কমপেÍক্সে নিযে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মী মণ্ডলের নাতি পিনাকী মণ্ডল (২৩) ও নাতনি কাজল লতা (১৮) দুর্ঘনায় আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।