ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা প্রশ্নবিদ্ধ
জরুরি অবস্থা জারির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা প্রথমেই প্রশ্নবিদ্ধ হয়েছে।
দীর্ঘ ১৫ বছর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোই কর্তৃপক্ষের ছত্রছায়ায় থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে ছিল। সম্প্রতি কয়েকটি হল কর্তৃপক্ষ সিট বরাদ্দসহ অন্যান্য বিষয়ে ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার’ উদ্যোগ নেয়। কিন্তু খোদ কর্তৃপক্ষই দলীয় কর্মীর মতো আচরণ করছে-এ অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
হাজী মুহম্মদ মুহসীন হল কর্তৃপক্ষ চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে শতাধিক সিট বরাদ্দ দেয়। কিন্তু শিক্ষার্থীরা সুস্পষ্ট অনিয়ম এবং দলীয়করণের অভিযোগ তুলে তা বাতিল করার দাবি জানান। তাদের প্রতিরোধের মুখে হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হন। বৃহস্পতিবার প্রাধ্যক্ষ কমিটির সভায় আপাতত কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
মুহসীন হলের শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হামিদুল্লাহ ভূঁইয়া ও ফিন্যান্স বিভাগের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন মুন্না নিয়মের তোয়াক্কা না করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিবির কর্মীদের সিট বরাদ্দ দেন। এ কারণে স্নাতক তৃতীয়, চতুর্থ ও স্নাতোকোত্তর শ্রেণীর মেধাবী শিক্ষার্থীরা সিট পাননি। শিবির কর্মীদের সিটে তুলে দেওয়ার জন্য ওই দুই শিক্ষক নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেন বলেও অভিযোগ করেন তারা।
বুধবার উপাচার্যের সঙ্গে এসব বিষয় নিয়ে বৈঠকে বসেন ছাত্র প্রতিনিধিরা। বৈঠকে উপাচার্যকে এসব অভিযোগ সম্পর্কে বিস্তারিত জাননো হয়।
মুহসীন হলের ছাত্র আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই জামায়াতপন্থী শিক্ষক নিয়ম না মেনে শিবিরের কর্মীদের সিট বরাদ্দ দিয়েছেন। এক্ষেত্রে মেধা ও জেষ্ঠ্যতার বিষয়টিকে তারা বিবেচনায় নেননি। ছাত্রদলের ক্যাডাররা হল দখল করে রাখার সময়ও অবস্থা এরকম ছিল না।
তিনি আরো অভিযোগ করেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক হামিদুল্লাহ ভূঁইয়া ও ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন মুন্না জামায়াত সমর্থক। শিক্ষক নন বরং তারা জামায়াত নেতার মতো শিবির ক্যাডারদের জন্য কাজ করেছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবাসিক শিক্ষক অধ্যাপক হামিদুল্লাহ ভূঁইয়া পদত্যাগ করলেও অন্যজন পদত্যাগ করেননি।
কেবল মুহসীন হলেই নয় অন্যান্য হলেও কর্তৃপক্ষ শৃঙ্খলার নামে শিক্ষার্থীদের হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
সূর্যসেন হলের শিক্ষার্থী সালেহ রাব্বি জ্যোতি বলেন, ছাত্রদল ও শিবির কর্মীদের আগেই সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এখন অবৈধ ছাত্র খোঁজার নামে শিক্ষকরা সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করছেন।
তার দাবি, দলীয় বিবেচনায় দেওয়া বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দ দেওয়া হোক।
কবি জসীমউদ্দিন হলের ছাত্র গোলাম মর্তুজা অন্তুর অভিযোগ আরো জোরালো। তিনি বলেন, প্রায় পাঁচ বছর হলে থেকেও আবাসিক শিক্ষকদের দেখিনি। ছাত্রদল আর ছাত্রলীগই হল চালিয়েছে। এখন আবাসিক শিক্ষকরা কিছু না জেনেই হস্তক্ষেপ করায় সমস্যা আরো জটিল হচ্ছে। আর শিক্ষকরাও দলীয় পরিচয়ের বাইরে বের হতে পারছেন না। পরোক্ষভাবে হল প্রশাসন এখনো বিএনপি-জামায়াতের নিয়ন্ত্রণে।
জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক রোবায়েত ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসলে আগের সরকারের ‘হ্যাংওভার’ এখনো কাটেনি। সবগুলো হলেই বিএনপি-জামায়াত সরকারের সময়ে নিয়োগ দেওয়া প্রাধ্যক্ষরা রয়ে গেছেন। তারা ছাত্রদলের সঙ্গে সমঝোতা কিংবা পক্ষপাতিত্ব করেছেন। এখনো সেরকমই চলছে। হল প্রধানদের এ ধরনের আচরণের কারণে আবাসিক শিক্ষকরা দায়িত্ব পালন করতে পারেননি।
তিনি আরো বলেন, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা দলীয় ভূমিকা নিলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না এটাই স্বাভাবিক।
জরুরি অবস্থা জারির পর হলগুলোতে একাধিকবার পুলিশ তল্লাশি করলেও ছাত্রদলের কোনো ক্যাডার গ্রেপ্তার হয়নি। তখন শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ তুলেছিলেন, অধিকাংশ হলের প্রাধ্যক্ষ পদে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা বহাল থাকায় ছাত্রদল ক্যাডারদের ধরা হচ্ছে না। জিয়াউর রহমান হলের একজন আবাসিক শিক্ষকও নাম প্রকাশ না করার শর্তে এ অভিযোগ করেছিলেন।
এদিকে আওয়ামীপন্থী নীলদল ইতোমধ্যে হল প্রাধ্যক্ষ পদে সমান অংশীদারিত্ব চেয়েছে। তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানিয়েছেন। আবারও তারা এ দাবি নিয়ে উপাচার্যের কাছে যাবেন বলে রোবায়েত ফেরদৌস জানান।
এদিকে মুহসীন হলে শিক্ষার্থীদের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার’ চেষ্টা থেকে পিছু হটেছে। বৃহস্পতিবার প্রাধ্যক্ষ কমিটির সভায় আপাতত কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় সিট বরাদ্দ ও হল পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকেও বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়। শুক্রবার উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ তিনটি হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন।
এ প্রসঙ্গে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের ‘শিক্ষার্থী’ হিসেবেই দেখেন। এখানে কোনো দলীয় ব্যাপার নেই। কোথাও ভুল বোঝাবুঝি হলে আলোচনা করে সমাধান করা হবে।”
তিনি মুহসীন হলের শিক্ষকদের শিবিরের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ সম্পর্কে বলেন, “বিভিন্ন রকম কথাই আমি শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আমি নিজেও শুক্রবার তিনটি হল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।”
