রাজবাড়িতে চোরাই গরুসহ ৬ জন গ্রেপ্তার
চোরাই গরু ও ট্রাকসহ ছয় জনকে শনিবার ভোর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হচ্ছে হেদায়েত আলী (৪০), মো. সেলিম (৪০), মাওলা বক্স (৫৫), সাহাবুদ্দিন (৫০), ইজ্জত আলী (৪৫) ও বেলাল হোসেন (৩৮)। এদের বাড়ি যশোর ও ঝিনাইদহ জেলায়।
খানখানাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মীর শাখাওয়াত হোসেন জানান, গ্রেফতারকৃতরা রাত ৩টার দিকে বালিয়ারচর গ্রামের ইউনুস আলীর দুটি গরু চুরি করে রাস্তার ওপর রেখে আরও গরু আনতে গেলে পুলিশ তাদের একজনকে ধরে ফেলে। পরে তার সহায়তায় ট্রাকসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করা হয়েছে।
