রাজধানীতে ৩ জন গুলিবিদ্ধ
রাজধানীর গুলশান ও পল্লবীতে শনিবার দুটি পৃথক ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলশানের ঘটনায় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী শনিবার সকাল নয়টার দিকে গুলশানে ট্র্যাভেল এজেন্সি গড গিফট ইন্টারন্যাশনালের অফিসে ঢোকার চেষ্টা করে। ওই সময় প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী বাকী বিল্লাহ (৩০) তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এলাকাবাসী ধাওয়া করে নয়ন (২৪) ও সৈকত আলম (২৬) নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপার্দ করে। তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গুলশান থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে পল্লবী থানার শিক্ষাণবীশ উপ-পরিদর্শক মাসুদ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে ৪/৫ সন্ত্রাসী পল্লবীর ‘জিতা’ গার্মেন্টসের নিরাপত্তাকর্মী শাহ আলম (৫০) ও গার্মেন্টস শ্রমিক শাহীন হাওলাদারকে গুলি করে।
তলপেটে গুলিবিদ্ধ শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং হাঁটুতে গুলিবিদ্ধ শাহীন হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দুপুর পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।
