মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী শুক্রবার মিয়ানমারের নতুন রাজধানী নে পে টাওতে সেদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী লে. জে. থিয়েন সানের সঙ্গে বৈঠক করেছেন।
এসময় তাদের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, উপদেষ্টা ও মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ-মিয়ানমার সড়ক যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা উদ্বাস্তুদের মিয়ানমারে প্রত্যাবর্তন, ভিসা পদ্ধতি সহজকরণ এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ কমিশন গঠনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ নেয়ান উইন, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী উ স্যু থান, জনশক্তি ও অভিবাসন বিষয়ক মন্ত্রী সুয়াং মং এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী উ থিষ্ট শ এ বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ নেয়ান উইন এর সঙ্গে বৈঠক করেন।
