২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শ্রমিকের ওপর পুলিশী হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি

খালিশপুর শিল্পাঞ্চলে পাটকল শ্রমিক এবং তাদের পরিবারের নারী ও শিশুদের ওপর পুলিশী হামলা ও নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি। হামলার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদেরও শাস্তি দাবি করেছেন তারা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শুক্রবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।

১০ বিশিষ্ট ব্যক্তি হলেন-লেখক সৈয়দ আবুল মকসুদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, আইন ও সালিশ কেন্দ্রের নূর খান লিটন ও টিপু সুলতান, শ্রমিক নিরাপত্তা ফোরাম নেত্রী খুশী কবির, বিলসের সুলতান আহমেদ, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আবদুল মালেক ও সুলতানা রহমান, কর্মজীবী নারীর মহিউদ্দিন আহমেদ এবং সাবেক ছাত্রনেতা সরদার রুহিন হোসেন প্রিন্স।

এর আগে তারা বন্ধ করে দেওয়া প্লাটিনাম, পিপলস ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে গিয়ে আহত বন্দি শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মতবিনিময় সভায় তারা বলেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে শ্রমিক কলোনিতে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, শ্রমিকরা সব ধরনের ভয়ভীতির অবসান, বন্দি শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহতদের ক্ষতিপূরণ দাবি করেছেন। একই সঙ্গে প্রতিশ্রুত এক তৃতীয়াংশ বকেয়া একসঙ্গে পরিশোধ করার পাশাপাশি বন্ধ রাখা মিলগুলো আবার চালু করারও দাবি জানান তারা।

মত বিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক চক্রের মাধ্যমে পাট শিল্পকে ধ্বংসের চেষ্টা চলছে। বিশ্বব্যাংকের পরামর্শ মেনে পাটখাতের উন্নতির নামে এ শিল্পকে সঙ্কুচিত করার ষড়যন্ত্র করা হচ্ছে।