ঢাবি শিক্ষক আমিনুল হকের বিরুদ্ধে নিয়ম ভেঙ্গে টাকা নেওয়ার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিধি বর্হিভুতভাবে এনজিওতে কাজ করে ছয় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক নিরীক্ষায় তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠনো হয়েছে।
স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের অডিট প্রতিবেদনে বলা হয়, আমিনুল হক ভূঁইয়া ২০০৪-০৫ অর্থ বছরের গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বিশেষ অনুদান হিসেবে কুমিল্লার লাকসামের মুসলিম কল্যাণ সংস্থা নামের একটি এনজিওর মাধ্যমে ছয় লাখ টাকা নেন। অথচ এ ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয় কিংবা সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেননি।
অডিট কমিটির সুপারিশে বলা হয়, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। অনুমোদন না পেলে প্রকল্প বাতিল করে এই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে বলা হয়, সরকারি আচরণ বিধি ১৯৭৯ এর (১) ধারা অনুযায়ী সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী সরকারের অনুমতি ছাড়া কোনো এনজিওর কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।
অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অনুমতি নিয়েই ওই প্রকল্পে কাজ করেছি।”
অডিট আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে।
এ ব্যাপারে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।
