২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কামরাঙ্গীরচরে গৃহবধূসহ ২ জন খুন

রাজধানীর কামরাঙ্গীরচরে বৃহস্পতিবার গভীর রাতে নুরুন্নাহার রূপা (১৯) নামে এক গৃহবধু এবং দেলোয়ার হোসেন দেলু (২৭) নামে এক মুদি দোকানী খুন হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 08:14 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

উভয় ঘটনায় কামরাঙ্গীরচর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, যৌতুকের দাবিতে রূপার স্বামী বাবু ইসলামনগরে তার নিজ বাড়িতে ভোর ৪ টার দিকে রূপাকে খুন করে। পরে বাবু বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাবুর পিতা এজাজ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

রুপার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীচরের মুসলিমঘাটের বোবাঘাটে দেলোয়ার হোসেন নামে এক মুদি দোকানীকে সন্ত্রাসীরা ছুরি মেরে হত্যা করেছে।

পুলিশ জানায়, রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দোলোয়ারের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কামরাঙ্গীচর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপা হত্যার ঘটনায় তার বড় ভাই মো. রাজু বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার পাঁচ আসামির মধ্যে রূপার শ্বশুর এজাজ মিয়াকে আটক করা হয়েছে। অন্যদিকে নিহত দেলোয়ারের প্রতিবেশী আব্দুল কুদ্দুস বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।