২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে শেরে বাংলাকে শ্রদ্ধাভরে স্মরণ

দেশের সাধারণ মানুষের প্রিয় রাজনীতিবিদ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ শুক্রবার। কৃষকদের জন্য ঋণসালিশী বোর্ড গঠনসহ আরো অনেক অবদানের জন্য তিনি বাঙালির মনে চির জাগরুক রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 10:07 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তিনি এ অঞ্চলে অবৈতনিক ও বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা চালুর করেন। স্থাপন করেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী, মহান এই রাজনীতিবিদ ১৯৬২ সালের এইদিনে মৃত্যুবরণ করেন।

দিবসটি উপলক্ষে তাঁর পরিবারসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। শেরেবাংলার নাতি এ কে ফাইয়াজুল হক রাজুর উদ্যোগে ঢাকায় তাঁর বনানীর বাসভবনে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা করা হয়েছে। এছাড়া শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙ্গালী সম্মেলন শুক্রবার সকাল আটটায় তাঁর মাজারে পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করবে।

মুক্তিযোদ্ধা পরিবারকল্যাণ সংসদ ও দক্ষিণ বাংলা যুবকল্যাণ সমিতি শুক্রবার সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করেছে। জাতীয় গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন সকালে পুষ্পস্তবক অর্পণ এবং মাজার চত্বরে আলোচনা সভার আয়োজন করেছে।

এই মহান ব্যক্তির জন্ম ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার সাটুরিয়ায়। তার পৈত্রিক নিবাস পিরোজপুরের চাখারে।

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৪ সালে বিএ ও ১৮৯৬ সালে এম ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় মুসলমান হিসেবে তিনি ১৮৯৭ সালে তিনি আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯১৮ থেকে ১৯১৯ সাল পর্যন্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৩৫ সালে কলকাতার মেয়র নির্বাচিত হন। ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলা মূখ্যমন্ত্রী ছিলেন। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন। ১৯৫৪ সালে তার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে। ১৯৫৫ সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভনর হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তার বলেছেন, “শিক্ষা বিস্তার ও আত্মপ্রত্যয়ী জাতি গঠনে তার অবদান ছিল অনবদ্য। নির্যাতিত কৃষক সমাজকে ঋণের বেড়াজাল থেকে মুক্তির লক্ষ্যে তার উদ্যোগে ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়।”

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, “উপনেবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং সুবিধা বঞ্চিত ও গরিব মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার প্রসারসহ আর্থ সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে ব্যাপক অবদান রেখেছেন।”