২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় বিএনপি সাংসদসহ ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি দলীয় সাবেক সাংসদ শাহজাহান মিয়া এবং মেহেরপুর ও শেরপুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 09:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় দুটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত অন্যরা হলেন, নয়ালাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ও হরিনগর গ্রামের কফিল উদ্দিন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ হেলাল উদ্দিন আলমগীর জানান, নয়ালাডাঙ্গা গ্রামের আবদুস সালাম ও দুরুল একই অভিযোগে একই ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, নয়ালাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্মিত রাণীহাট বাজারে দোকান ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে এক লাখ টাকা করে চাঁদা দাবি করেন অভিযুক্তরা। ২০০২ সালের ১৫ আগস্ট আশরাফ মিয়ার চক ঘোড়াপাখিয়া গ্রামের বাড়িতে শাহজাহান মিয়ার হাতে এক লাখ করে মোট দু লাখ টাকা তুলে দেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, জেলা যুব দলের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক, জেলা এবং দায়রা জজ আদালতের পিপি মারুফ আহমেদ বিজনের বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

বিজন মেহেরপুর-১ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ মাসুদ অকনের ভাই। সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের গরু ব্যবসায়ী মেছের আলী এই মামলা দায়ের করেন। মামলায় ওই গ্রামের মোশাররফ হোসেন ও আতিকুর রহমান নামে আরও দুজনকে আসামি করা হয়।

বাদি তার অভিযোগে বলেন, ২০০২ সালের ১৩ মার্চ সাংসদের ভাই বিজন তাকে ডেকে নিয়ে গরু ব্যবসার জন্য তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। পরে বিভিন্ন সময়ে বিজনকে তিনি তিন লাখ টাকা দেন বলে মামলার আরজিতে জানান।

গত ২৪ ফেব্রুয়ারি বিজন ঢাকায় যৌথবাহিনীর হাতে আটকের পর থেকে মেহেরপুর কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলায় আটক দেখানোর পর এটা তার বিরুদ্ধে তৃতীয় মামলা।

তার বিরুদ্ধে তিন মাসের আটকাদেশ রয়েছে বলে পুলিশ জানায়।

শেরপুর প্রতিনিধি জানান, মঙ্গল ও বুধবার দুদিনে শেরপুর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তিন নেতাসহ আটজনের বিরুদ্ধে সদর থানায় দুটি পৃথক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে শেরপুর শ্রীবরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবগঠিত শ্রীবরদী পৌরসভার সাবেক পৌর প্রশাসক মো. আবদুল হাকিম ও পৌর কমিশনার আহসান উল্লাহর বিরুদ্ধে শ্রীবরদী থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

মামলার প্রধান আসামি বিএনপি নেতা হাকিম যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদুল আলম জানান, শ্রীবরদী পৌরসভার তাতিহাটি মহল্লার হাজী মমতাজ উদ্দিনের ছেলে মো. মহিউজ্জামান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদি বলেন, আসামি দুজন একটি মামলার মীমাংসা করে দেওয়ার কথা বলে ২০০৬ সালের ১৫ জুলাই এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং ৬০ হাজার টাকা চাঁদা ভয় দেখিয়ে জোর করে বাদির কাছ থেকে আদায় করেন।

শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্টসহ ছয়জনের বিরুদ্ধে বুধবার রাতে শেরপুর সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের মধ্যে একমাত্র উজ্জ্বল সরকার যৌথবাহিনীর হাতে আটক হয়ে শেরপুর কারাগারে রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর আসামিরা বাদিকে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা জোর করে আদায় করেন।

শেরপুরের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. গোলাম মোস্তফা মিয়া জানান, সদর উপজেলার বাদা তেঘরিয়া গ্রামের মো. কমর উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।