উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি মৌলিক সেবা বঞ্চিত: সেমিনারে বক্তারা
দক্ষিণ এশিয়ার মানুষের মৌলিক সেবা এমনিতেই নিশ্চিত হচ্ছে না। বিশেষ করে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ।
রাজশাহীর নানকিং দরবার হলে বৃহস্পতিবার সকালে অক্সফাম জিবি, ডেভেলপমেন্ট হুইল ও রাবি সমাজ বিজ্ঞান বিভাগ আয়োজিত ‘ডিসেমিনেশন সেমিনার অন দ্য রিপোর্ট সার্ভ দ্য অ্যাসেনসিয়ালস্’ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।
সেমিনারে বলা হয়, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ মৌলিক সেবার ক্ষেত্রে উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তাহীন।
আলোচকরা বলেন, উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় শতকরা ৪০ ভাগের বেশি ব্যবহৃত টিউবয়েলের পানিতে আর্সেনিক সমস্যা রয়েছে। ইতোমধ্যে এখানে আর্সেনিক আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন। আক্রান্ত হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ।
তারা বলেন, এ অঞ্চলের শতকরা মাত্র ৩৮ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর শতকরা ৪০ ভাগ শিক্ষা সেবা থেকে বঞ্চিত। শতকরা ৩৩ ভাগের বেশি শিক্ষার্থী প্রাথমিক পর্যায়েই ঝরে পড়ে। আর ৩৩ ভাগ শিশু কখনোই স্কুলে যায় না বলে সেমিনারে প্রকাশ করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আনিসুদ্দিন মঞ্জুর । বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুদ্দিন। রিভিউ রিপোর্ট উপস্থাপন করেন অক্সফাম জিবির প্রোগ্রাম ম্যানেজার ফরিদ হাসান আহমেদ। সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাবি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফাইজুর রহমান।
অন্যান্যের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এ কিউ এম মাহাবুব, রাবি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, রাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল ওয়াদুদ, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ইব্রাহিম খলিল প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, রাজশাহীসহ ওই অঞ্চলে পানি সমস্যা প্রকট। দিনের পর দিন পরিবেশ ও জীববৈচিত্র্যের পরিবর্তন পিছিয়ে দিচ্ছে মানুষকে। এ অঞ্চলে আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে ধান চাষ বেশি হলেও কমছে রবি শস্য ও প্রচলিত ফসলের পরিমাণ।
ফলে সামাজিক ভারসাম্য বিঘিœত হচ্ছে। গভীর নলকূপের পানি তুলে চাষাবাদ করার ফলে কৃষকরা সেচ সমস্যা মোকাবেলা করলেও এতে করে নতুন সমস্যার যেমন সৃষ্টি হচ্ছে এবং তেমনি বিভিন্নরকম ঝুঁকিও তৈরি হচ্ছে। ইতোমধ্যে বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। টিউবয়েলে পানি উঠছে না। পানীয় জলের সংকট তীব্র হয়ে উঠেছে এ অঞ্চলে। চর বা হাওর অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
আলোচকরা বলেন, ভৌগলিক ও রাজনৈতিক কারণে এ অঞ্চলের মানুষ পিছিয়ে রয়েছে। সার্বিকভাবে না দেখে এ অঞ্চলকে বিশেষভাবে দেখতে হবে। অন্যথায় এদের মৌলিক সেবা নিশ্চিত হবে না।
