কুষ্টিয়ায় ৪ শ’ বস্তা সারসহ ব্যবসায়ী গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারায় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ এক সার ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার সময় ভেড়ামারা থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে স্থানীয় কুটিবাজারের একটি সারের গোডাউন তল্লাশি করে চার শ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে।
উদ্ধারকৃত সারের বস্তাগুলো জব্দ করা হয় এবং অবৈধ সার মজুদের অভিযোগে গোডাউনের মালিক আলিমুল হক (৪০) নামের এক সার ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদুর রহমান মল্লিক জানান, মজুদ করা সারের বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত সার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হবে।
