কাফরুলে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মুদি দোকানি নিহত
রাজধানীর কাফরুল থানা এলাকার ইব্রাহীমপুরে বুধবার রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ সাজু (১৯) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন।
সাজু ৫৪৮ উত্তর ইব্রাহীমপুরের আব্দুর রশীদ ওরফে কেটু মিয়ার ছেলে।
কাফরুল থানা পুলিশ জানায়, কাফরুল থানা এলাকার মিরপুর ১৪ নাম্বার সরকারি কোয়ার্টারের আট নম্বর ভবনের পাশের একটি রাস্তা থেকে রাত ১২ টার দিকে পুলিশ সাজুর লাশ উদ্ধার করে।
তার কপালে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত আছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের চিহ্ন রয়েছে।
নিহতের মামা ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাজুর ইব্রাহীমপুরে একটি মুদি দোকান আছে। চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে।
কাফরুল থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাস জানান, এ ব্যাপারে নিহতের বাবা আব্দুর রশীদ বাদী হয়ে একটি মামলা করবেন। হত্যার কারণ জানা যায়নি।
