২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সরকারের সাহসী সিদ্ধান্ত: মইনুল

-রাজনৈতিক অস্থিরতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে সরকারকে খুব সতর্ক থাকতে হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার এ সরকারের একটি সাহসী সিদ্ধান্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন এ কথা বলেছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

শেখ হাসিনার দেশে ফেরায় নিষেধাজ্ঞা আরোপ এবং তা প্রত্যাহারের বিষয়ে মইনুল হোসেন বলেন, সরকার একটি অবস্থার বিশ্লেষণ ও বিবেচনায় সাময়িক একটি সিদ্ধান্ত নিয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিংবা বিতর্ক তোলার কিছু নেই। যদি কেউ মনে করেন সরকারের আগের প্রেসনোট জারির সিদ্ধান্ত ভুল ছিল, সে ক্ষেত্রে ওই ভুল ঠিক করার জন্যে সরকারের পরবর্তী পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত বলা যায়।

তিনি বলেন, দেশে ফেরার ওপর কোনও বাধা না থাকলেও শেখ হাসিনা এখনই ফিরছেন না। তার নাকি ওখানে অনেক কাজ আছে। এখন শেখ হাসিনা দেশে না ফিরে সরকারের আগের সিদ্ধান্তকেই ‘জাস্টিফায়েড’ করছেন।

উপদেষ্টা জানান, সরকারের পরিবর্তিত সিদ্ধান্তের কথা ব্রিটিশ এয়ারওয়েজকে জানিয়ে দিয়েছে সিভিল এভিয়েশন।

তিনি বলেন, দেশ এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের বড় সাফল্য হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থাভাজন মানুষের কাছে দায়িত্ব হস্তান্তর করা। এটা খুব কঠিন কাজ।

ব্যারিস্টার মইনুল স্বীকার করেন, অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করার জন্য সরকারের চেষ্টার প্রতিফলন সব ক্ষেত্রে হচ্ছে না।

তিনি বলেন, অর্থনীতি চাঙা করা সরকারের অন্যতম উদ্দেশ্য। রাজনৈতিক আন্দোলনের নামে অর্থনীতি ভেঙে ফেলা হয়েছিল। সে অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের সব অঙ্গনের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা করতে হবে। এ ক্ষেত্রে কোনরকম ভুল বোঝাবুঝি যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও সচেতন থাকতে হবে।