“কয়লা নীতি প্রণয়নের ক্ষমতা এ সরকারের নেই”
তত্ত্বাবধায়ক সরকারের কোনও নীতিমালা প্রণয়নের ক্ষমতা নেই; তা জ্বালানি নীতিই হোক, আর কয়লা নীতিই হোক। এ ধরনের নীতিমালা তৈরি করা উপদেষ্টাদের আওতার বাইরে।
‘তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎÑবন্দর রক্ষা জাতীয় কমিটি’র সংলাপে বক্তারা এ মত প্রকাশ করেন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার ও জাতীয় স্বার্থ’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিচারপতি গোলাম রব্বানী, পিডিবির সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মাহমুদ কামাল, অধ্যাপক হোসেন মনসুর, অর্থনীতিবিদ এম এম আকাশ, আনু মুহাম্মদ প্রমুখ।
বিচারপতি গোলাম রব্বানী বলেন, কয়লা নীতি প্রণয়নের ক্ষমতা তত্ত্ববধায়ক সরকারের নেই। একই মত প্রকাশ করেন নুরুদ্দিন মাহমুদ কামালও। তিনি বলেন, এ সংক্রান্ত যে কোনও নীতিমালা তৈরি করা উপদেষ্টাদের আওতার বাইরে।
তিতাস গ্যাসক্ষেত্রের আগুন লাগার ঘটনায় জ্বালানি সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নুরুদ্দিন মাহমুদ।
অধ্যাপক হোসেন মনসুর বলেন, জাতীয় সম্পদ নিয়ে লুন্ঠনভিত্তিক চুক্তি বাতিল করতে হবে। আমাদের সীমিত প্রাকৃতিক সম্পদ জনগণের ব্যবহারের জন্য নিশ্চিত করতে হবে।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ঘুষ খেয়ে প্রাকৃতিক সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা এর জড়িত সরকারের উচিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, প্রস্তাবিত খসড়া কয়লা নীতি বাতিল করতে হবে। তেল-গ্যাস-কয়লা সম্পদের একশ ভাগ মালিকানা দেশের জনগণের থাকতে হবে।
তিনি অভিযোগ করেন, তেল কোম্পানি শেভরনের বিরুদ্ধে পেট্রোবাংলা যে মামলা করেছে, তা প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের উপর চাপ দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত। যা বাংলাদেশের আইনের প্রতি চরম অবজ্ঞা।
প্রকৌশলী শহীদুল্লাহ বলেন, বিদেশি বিনিয়োগ যদি কর্মসংস্থান সহায়ক হয় তবে ভালো। কিন্তু যদি বিনিয়োগের মাধ্যমে সম্পদ পাচার করা হয়, তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনীয়। প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
