২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নিতে গিয়ে শিক্ষা কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩

ঘুষের টাকা নেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ তিনজন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 02:35 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, অফিস সহকারী আলী আক্কাস ও পিয়ন সুবীর সরকার।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শাহিন আরা মমতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, পত্তন নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদুল হক গত বছর চাকরি থেকে অবসর নেন। চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে তার অবসর গ্রহণ সংক্রান্ত ফাইলটি কর্তৃপক্ষের হাতে আসে। গত ১৬ এপ্রিল ফাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষর করলেও ফাইল আটকে রাখেন। পরে জানা যায়, ঘুষের জন্য তিনি তা আটকে রেখেছেন। অবশেষে শহীদুল হক চার হাজার টাকা ঘুষ দিতে রাজী হন। বৃহস্পতিবার সকালে ঘুষের টাকা নেওয়ার সময় যৌথ বাহিনী হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহীউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।