২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় ৩০ হাজার কর্মী পাঠানোর সুযোগ

জনশক্তি রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। ৩০ হাজার কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়ায় রপ্তানির জন্য কর্মীদের দক্ষ করে তুলতে সে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্প শুরুর উদ্যোগও নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ সব খবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছরের মার্চ মাসে দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো বাংলাদেশকে এমপ্লয়মেন্ট পারমিট সার্ভিসেসে (ইপিএস) অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। ইপিএস ২০০৭-’০৮ এর আওতায় সে দেশের শিল্প কারখানার জন্য বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে প্রায় দেড় লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য চারটি দেশ হচ্ছে নেপাল, মিয়ানমার, পূর্ব তিমুর ও কিরঘিজিস্তান। প্রত্যেক দেশ থেকে ৩০ হাজার করে কর্মী নেওয়ার কথা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল মতিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ সউলের সঙ্গে খুব শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সব ধরনের প্রস্তুতি চলছে। এটা হলে সেখানে বিপুল সংখ্যক কর্মী পাঠানো সম্ভব হবে।”

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কূটনীতিক তৎপরতার চালিয়ে গেলে দক্ষিণ কোরিয়ায় ৩০ হাজারের বেশি কর্মী পাঠানো সম্ভব হতে পারে।

মন্ত্রণালয়ের অন্য একটি সূত্র জানায়, ট্রেনিং অ্যান্ড ফারদার এডুকেশন (টিএএফই) নামে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রতিষ্ঠান সে দেশের কাজের চাহিদা অনুযায়ী বাংলাদেশের কর্মীদের প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আবদুল মতিন চৌধুরী বলেন, “ওই প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক ও øাতক সনদধারী কর্মীদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব জানিয়েছে।”

তিনি জানান, আন্তঃমন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কা ও নেপালে প্রতিষ্ঠানটির মাধ্যমে কিভাবে প্রশিক্ষণ চলছে, তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

টিএএফই যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্লাম্বিং, মটর মেকানিক, হেয়ার ড্রেসার, কমার্শিয়াল কুকিং, হসপিটালিটি ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন ওয়ার্ক, ইন্টেরিয়র ডেকোরেশন অ্যান্ড ডিজাইন ও একাউন্টিং ডিপ্লোমা।