বরিশাল মেডিকেল কলেজে শিক্ষক সংকট চরমে
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের মোট শিক্ষক পদের অর্ধেকই খালি। ব্যাবহারিক ক্লাশগুলোতে নেই টেকনিশিয়ান। শিক্ষানবিস ডাক্তাররা পূরণ করছেন টেকনিশিয়ানের অভাব।
কর্তৃপক্ষ বলছে বিশেষজ্ঞ শিক্ষকদের বরিশালে আসতে না চাওয়া ও রাজধানীতে থেকে জমজমাট ক্লিনিক ব্যবসা এবং প্রাইভেট প্রাকটিস করার কারণেই কলেজটিতে এই শূন্যতা সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের মোট শিক্ষকের ১১১টি পদের মধ্যে ৫৬টি পদ রয়েছে খালি। এরমধ্যে ১১টি অধ্যাপক, ১৯টি সহযোগী অধ্যাপক, পাঁচটি সহকারী অধ্যাপক এবং ২১টি প্রভাষক পদ আছে। নয়টি মূল বিষয়ের মধ্যে তিনটিতে নেই কোনো অধ্যাপক। দুটি বিভাগে একজন করে অধ্যাপক থাকলেও বাকি দুটি পদ এখনো খালি।
সূত্র জানায়, প্রথম এবং দ্বিতীয় বর্ষের সাড়ে ৩০০ শিক্ষার্থীর জন্য ৩৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৪ জন। বায়োকেমিস্ট্রি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, দু’জন সহকারী অধ্যাপক, চারটি প্রভাষক ও একজন মেডিকেল অফিসারের পদ ফাঁকা আছে।
এনাটমি বিভাগে একজন অধ্যাপক, দুজন করে সহযোগী ও সহকারী অধ্যাপক, আটজন প্রভাষক এবং দুজন মেডিকেল অফিসারসহ ১৬ পদের অর্ধেকই শূন্য।
ফিজিওলজি বিভাগে শিক্ষকের ১০টি পদের মধ্যে কর্মরত আছেন পাঁচজন। বিভাগটিতে টেকনিশিয়ানের পদ শূন্য থাকায় শিক্ষানবিস ডাক্তাররাই তাদের কাজ চালাচ্ছেন।
তৃতীয় ও চতুর্থ বর্ষের ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি এবং ফরেনসিক বিভাগেও সংকট প্রকট।
মেডিকেলের পরিচালক ডা. মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরেনসিক মেডিসিনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের অধ্যাপক পদটিও বছরের পর বছর খালি পড়ে আছে। সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমানকে লাশের ময়নাতদন্ত থেকে পাঠদান-সব কিছুই করতে হচ্ছে।
প্যাথলজি বিভাগে ১১টি পদের বিপরীতে আছেন আটজন শিক্ষক। আর ফার্মাকোলজি বিভাগে একই সংখ্যক পদের বিপরীতে আছেন পাঁচ জন। মাইক্রোবায়োলজি বিভাগে কোনো অধ্যাপকই নেই।
গাইনি বিভাগে একজন অধ্যপক এবং সহকারী অধ্যাপক ছাড়া অভিজ্ঞ কোনো শিক্ষকই নেই।
উপ-অধ্যক্ষ ও গাইনি বিভাগের অধ্যাপক ডা. মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদিকে প্রসূতীদের সমস্য দেখছি, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াচ্ছি।
মেডিসিন বিভাগের এক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি মাসে কলেজ অধ্যক্ষের দপ্তর থেকে মন্ত্রণালয়ে শূন্য পদের বিবরণ পাঠানো হয়। কিন্তু ফল হচ্ছে না।
অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়োগ পেলেও বিশেষজ্ঞ শিক্ষকরা বরিশালে আসতে চান না। তদবির করে, প্রভাব খাটিয়ে রাজধানীতে থেকে যান।
