শামীম ওসমানের সম্পত্তির হিসাব গ্রহণ করতে হবে দুর্নীতি দমন কমিশনকে: হাইকোর্ট
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সম্পত্তির হিসাব বিবরণী তার প্রতিনিধির মাধ্যমে গ্রহণ করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি শাহ আবু নাঈম মো. মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শামীম ওসমানের পক্ষে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেয়।
সম্পত্তির হিসাব বিবরণী দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন গত ১৮ ফেব্রুয়ারি নির্দেশ দেয় শামীম ওসমানকে। এরপর তিনি প্রতিনিধির মাধ্যমে ও ডাক যোগে কমিশনে সম্পত্তির হিসাব পাঠান। কিন্তু কমিশন তা গ্রহণ না করে হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে নারায়ণগঞ্জ বিশেষ আদালতে গত ৪ মার্চ মামলা দায়ের করে। ওই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে গত ২৩ মার্চ।
এদিকে প্রতিনিধি ও ডাকযোগে পাঠানো সম্পত্তির হিসাব বিবরণী গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট মামলা করেন শামীম ওসমান। এর ওপর শুনানি গ্রহণ করে আদালত বুধবার শামীম ওসমানের পাঠানো সম্পত্তির বিবরণী সাময়িকভাবে গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিয়েছে। শামীম ওসমানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ।
