২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে মুহসীন হলের আবাসিক শিক্ষকের পদত্যাগ

সিট বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

প্রভোস্ট আহম্মেদ জামাল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামিদুল্লাহ ভূঁইয়া পদত্যাগ করেছেন। ছাত্ররা এখন যেভাবে থাকছে সেভাবেই থাকবে। আলোচনা করে দ্রুত মেধা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে।”

দুই জাময়াত সমর্থক আবাসিক শিক্ষকের পদত্যাগ ও নিয়মানুযায়ী সিট বরাদ্দের দাবিতে মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা হলে ভাংচুর চালায়। পরে ওই রাতেই উপাচার্য এস এম এ ফায়েজ নিয়মানুযায়ী সিট বরাদ্দের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

বুধবার বিকেলে উপাচার্য বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের তিনজন প্রতিনিধির সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধিরা অভিযোগ করেন, সিট বরাদ্দের দায়িত্বে থাকা আবাসিক শিক্ষক হিসাবরক্ষণ বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল্লাহ ভূঁইয়া ও ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন মুন্না চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে ১০০ সিট বরাদ্দের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করেন। নিয়মের তোয়াক্কা না করে তারা প্রথম ও দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্র শিবির কর্মীদের সিট বরাদ্দ দিয়েছেন।

তাদের অভিযোগ, এই দুই শিক্ষক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে ১০০ টি সিটের বেশিরভাগই বরাদ্দ দেন। এদের অধিকাংশই ছাত্রশিবির কর্মী। এ কারণে তৃতীয়, চতুর্থ বর্ষ ও মাস্টার্সের যোগ্য শিক্ষার্থীরা সিট পাননি।

ছাত্র প্রতিনিধিরা জানান, উপাচার্য কয়েকদিনের মধ্যে বরাদ্দ দেওয়া সিট বাতিল করে নিয়ম মেনে আবার বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। অভিযুক্ত দুই আবাসিক শিক্ষককে অপসারণ করা হবে কিনা জিজ্ঞেস করা হলে উপাচার্য বলেন, আবাসিক শিক্ষকদের একজন হামিদুল্লাহ ভূঁইয়া পদত্যাগ করেছেন। আরেকজনের পদত্যাগের বিষয়ে শিক্ষক সমিতির সঙ্গে আলোচনা করে উপাচার্য পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন।

বৈঠকে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধি ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। ছাত্র প্রতিনিধি এবং ছাত্রলীগ নেতা মনির হোসেন বৈঠক শেষে একই তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, মোশাররফ হোসেন মুন্না পদত্যাগ করতে রাজি নয়। উপাচার্য শিক্ষক সমিতির সঙ্গে আলোচনার পর তাকে পদত্যাগ করার অনুরোধ করবেন।

কর্তৃপক্ষ প্রচলিত নিয়ম ভেঙ্গে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট বরাদ্দ দিয়ে অনাবাসিক ছাত্রদের ২৭ এপ্রিলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়। এ নোটিশের পর শিক্ষার্থীরা মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে প্রধান ফটক বন্ধ করে দিয়ে ভাংচুর শুরু করে।

প্রায় এক ঘন্টা ধরে তারা হলের অভ্যর্থনা কক্ষের দরজা-জানালা, আসবাবপত্র এবং হল রুমের টিভি ভাংচুর করে। পরে রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ, প্রক্টর আকা ফিরোজ আহম্মেদ এবং হল প্রভোস্ট আহম্মেদ জামাল আনোয়ার পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।