২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পাটকল শ্রমিকদের জন্য ২৪ কোটি টাকা দিয়েছে সরকার

খুলনার শিল্পাঞ্চলে সাময়িকভাবে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত্ব চার পাটকলের শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য ২৪ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এ টাকার চেক খুলনা পৌঁছবে বুধবার। এরপর বৃহস্পতিবার থেকেই শ্রমিকদের পাওনা পরিশোধের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছে বিজেএমসি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

পাওনা পরিশোধ করে, কখন, কীভাবে হবে তা নিয়ে বুধবার খুলনা জেলা প্রশাসক এস এম ফিরোজ আলমের সঙ্গে বৈঠকে বসবেন বিজেএমসি কর্মকর্তারা।

বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়কারী শেখ শামীম আহমদ জানান, প্লাটিনাম, পিপলস, ক্রিসেন্ট ও স্টার জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ সংক্রান্ত বিজেএমসির একটি ফ্যাক্স বার্তায় বলা হয়েছে খুলনাঞ্চলের আটটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের প্রায় ৭২ কোটি টাকা পাওনা আছে।

ওই টাকার এক তৃতীয়াংশ ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। যার চেক বুধবার খুলনায় আসবে।

বৃহস্পতিবার থেকে পাওনা পরিশোধ শুরু করা হতে পারে বলে জানান শামীম আহমদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার কারণে পাওনা নিতে এসে শ্রমিকরা যাতে পুলিশি হয়রাণির শিকার না হন সে দিকে নজর রাখা হবে।