২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে নাদিম মোস্তফার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজশাহীর দুর্গাপুরে সাবেক সাংসদ ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোস্তফার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সোমবার গভীর রাতে দুর্গাপুর থানায় মামলাটি করেন উপজেলার মাড়িয়া গ্রামের সেকেন্দার আলী। মামলায় সাবেক সাংসদ নাদিম মোস্তফা, পৌর চেয়ারম্যানসহ বিএনপির ২০ নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

দুর্গাপুর থানা পুলিশ জানায়, ২০০৩ সালের ১৪ জুলাই মাড়িয়া ইউনিয়নের নির্বাচন চলাকালে সাইদুর রহমান মন্টুর উপস্থিতিতে বিএনপি নেতা-কর্মীরা সেকেন্দার আলীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করলে তারা সেকেন্দার ও তার ভাই জামালকে মারধর করে। সাংসদ হিসেবে নাদিম মোস্তফার প্রভাব থাকায় তিনি ভয়ে এতোদিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক আলী জানান, চাঁদাবাজির অভিযোগে সাবেক সাংসদ নাদিম মোস্তফা, পৌর চেয়ারম্যান সাইদুর রহমান মন্টুসহ বিএনপির নেতা-কর্মী মমিনুল, এনামুল, তুহিন, শাহীন, হুদা, সালাম, বাবলু, মোস্তফা, চঞ্চল, আলাউদ্দিন, আনসার আলী, কাজিমুদ্দিন, আলেক উদ্দিন, আবু বাক্কার, শামসুল হক, জেকের আলী, আবদুল গাফ্ফার ও আকতারুজ্জামানকে আসামী করে সেকেন্দার আলী মামলা দায়ের করেছেন। সোমবার গভীর রাতে মামলাটি দায়ের করা হয়।

তিনি জানান, মামলাটি রুজু হওয়ার পর ওই রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী উপজেলার কাশিমপুর এলাকার শামসুল, গাফ্ফার, বাবলু ও আনসার আলীকে আটক করেছে।