২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্য তেলের আমদানি কমেছে ৪২ শতাংশ

চলতি বছর ভোজ্য তেলের আমদানি কম হওয়ায় বাজারে সরবরাহ সঙ্কট চলছে। গত বছরের তুলনায় এবার আমদানি হয়েছে ৪২ শতাংশ কম। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং বর্তমান সরকারের মজুদবিরোধী কার্যক্রম আমদানির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

রফিক জামান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 06:01 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ভোজ্য তেল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট মালেশিয়ান পাম অয়েল কাউন্সিল জানায়, এ বছর জানুয়ারি-মার্চ সময়ে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে ৫৪ হাজার টন। গত বছর ওই তিন মাসে আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার টন।

অন্যদিকে ওই তিন মাসের হিসাবে গতবছরের তুলনায় এবছর অপরিশোধিত পাম তেলের আমদানি কমেছে ৪১ হাজার টন।

এই পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় এ বছর ভোজ্য তেলের আমদানি ৪২ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে ১ লাখ ৩৬ হাজার টন অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়। মার্চ মাসে ৮০ হাজার টন ভোজ্য তেল আমদানির জন্য ঋণপত্র খোলা হলেও তা চাহিদার তুলনায় নিতান্তই কম।

মালেশিয়ান পাম ওয়েল কাউন্সিলের আবাসিক প্রতিনিধি একেএম ফাখরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, “চলতি বছরের শুরুতে ব্যবসায়ীরা সরকারের মজুদবিরোধী কার্যক্রমে আতঙ্কিত হয়ে পড়ায় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ভোজ্য তেলের আমদানি কমে গেছে।”

তিনি জানান, দেশে ভোজ্য তেলের মোট চাহিদার ৭০ ভাগ মেটানো হয় পাম তেলের মাধ্যমে। আর বর্তমানে বিশ্ব বাজারে অপরিশোধিত পাম তেলের দাম গত দশ বছরের মধ্যে সবচে বেশি। গত চার মাসে অপরিশোধিত পাম তেলের দাম প্রতি টনে ১৩০ ডলারেরও বেশি বেড়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম না কমলে দেশে সরবরাহ সঙ্কট দ্রুত মিটবে না।

আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘অয়েল ওয়ার্ল্ড’ এর সাম্প্রতিক পরিসংখ্যান থেকে দেখা যায়, জানুয়ারি মাসের শুরুতে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ৬৪৪ ডলার। ২০ এপ্রিল এই দাম বেড়ে ৭৬০ ডলার হয়েছে। এই সময়ের মধ্যে প্রতি টন পাম তেলের দাম ৬১০ মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৭৪৭ মার্কিন ডলার।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা গত আড়াই মাসের ভোজ্য তেল সঙ্কট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানি বাড়ানো যাচ্ছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল কিনে দেশের বাজারে তা বিক্রি করা কঠিন হবে। তাই এই মুহূর্তে আমদানি খুব একটা বাড়ানো যাচ্ছে না।

শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক তারিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক মাসে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম প্রতি টনে ৮০ ডলার বেড়েছে। এ কারণে আমদানিকারকরা দাম কমার অপেক্ষায় আছেন। দাম কিছুটা কমলে আমদানি বাড়াবেন তারা।

এদিকে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের মনিটরিং কমিটির বৈঠকে অপরিশোধিত ও পরিশোধিত ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে শুল্ক হারের পার্থক্য কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

বর্তমানে অপরিশোধিত ভোজ্য তেলের ক্ষেত্রে ২২ থেকে ২৫ শতাংশ এবং পরিশোধিত ভোজ্য তেলের ক্ষেত্রে ৪৫ শতাংশ হরে শুল্ক আদায় করা হয়।

২০০৬ সালে অপরিশোধিত পাম তেল আমদানির পরিমান ছিল ৮ লাখ ৭৯ হাজার টন এবং সয়াবিন তেলের পরিমান ছিল ২ লাখ ৯৭ হাজার টন।