বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে বুক বিল্ডিং পদ্ধতি চালুর প্রস্তাব
যেসব প্রতিষ্ঠান তিরিশ কোটির বেশি টাকার প্রাথমিক শেয়ার বাজারে ছাড়তে চায় তাদেরকে ‘বুক বিল্ডিং’ পদ্ধতিতে বাজারে আসতে দেওয়ার প্রস্তাব দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের একটি কমিটি।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং এসইসির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওই কমিটি বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী করে তোলার জন্য এ প্রস্তাব দিয়েছে।
এখনকার ‘ফিক্সড প্রাইসিং’ পদ্ধতিতে বাজারে প্রাথমিক শেয়ার ছাড়ার আগে এর দাম ঠিক করে দেয় এসইসি। এ কারণে টেলিযোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বড় প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না।
প্রস্তাবিত বুক বিল্ডিং পদ্ধতিতে বিনিয়োগকারিরা দরপত্র দাখিলের মাধ্যমে প্রাথমিক শেয়ারের দাম নির্ধারণ করতে পারবে। বাণিজ্যিক ব্যাংক, মিউচুয়াল ফান্ড, এসইসিতে নিবন্ধন করা বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড ম্যানেজার ও বীমা কোম্পানি এই মূল্যনির্ধারণী প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এরপর যে দাম ঠিক করা হবে সেই দামে শেয়ার বাজারে ছাড়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের গঠিত কমিটির এক সদস্য জানান, তাদের খসড়া প্রস্তাবটি চলতি মাসের শেষের দিকে এসইসির টেকনিক্যাল কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। এসইসি নিয়মটি চূড়ান্ত করলে বড় বড় কোম্পানিগুলো বাজারে আসবে বলে আশা করছেন কমিটির সদস্যরা।
কমিটির প্রস্তাবে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ৩০ কোটির কম টাকার প্রাথমিক শেয়ার নিয়ে বাজারে আসবে তাদের শেয়ারের দাম প্রচলিত ফিক্সড প্রাইসিং পদ্ধতিতেই ঠিক করা হবে।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠান তিরিশ কোটি থেকে একশ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়বে তারা তাদের ২৫ ভাগ শেয়ারের, যারা ১০০ থেকে ৫০০ কোটি টাকার শেয়ার ছাড়বে তারা তাদের ৫০ ভাগ শেয়ারের এবং যারা ৫০০ কোটির বেশি টাকার শেয়ার ছাড়বে তারা তাদের ৭৫ ভাগ শেয়ারের দাম বুক বিল্ডিং পদ্ধতিতে নির্ধারণ করতে পারবে।
তবে এই সুবিধা পাওয়ার জন্য একটি কোম্পানিকে কমপক্ষে পাঁচ বছর ধরে স্থিতিশীলভাবে ব্যবসা চালাতে হবে।
