বাগমারায় ৩ জেএমবি ও সর্বহারা সদস্য আটক
রাজশাহীর বাগমারায় পুলিশ নিষিদ্ধঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের একজন ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্যকে আটক করেছে।
পুলিশ জানায়, রোববার রাতে বাগমারা থানা পুলিশ স্থানীয় খামার গ্রাম থেকে মতিউর রহমান (৩০) নামে এক জেএমবি সদস্যকে আটক করে। একই রাতে বারুইহাটি গ্রামের সায়ের আলী খান (৫০) ও বাজেকুলা গ্রামের মনছুর আলী (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করে তাদের নিজ বাড়ি থেকে। এরা দুজন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্য।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য মতিউর রহমান শ্রীপুরের মাহাবুব হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে সরকারী কাজে বাধা ও পুলিশের ওপর হামলাসহ একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।
তিনি জানান, আটক সর্বহারা সদস্যদের বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে।
তিনজনকেই সোমবার বেলা সোয়া ১১ টার সময় আদালতে হাজির করা হয়েছে।
