ড. তাহের হত্যা মামলার আসামী শিবির নেতা সালেহী কারাগারে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ড. এস তাহের হত্যা মামলার আসামী জামায়াতের ছাত্র সংগঠন ইসলামীর ছাত্র শিবিরের নেতা মাহাবুবুল আলম সালেহীকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে বেলা ১২টার দিকে সালেহী আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক আবু বকর সিদ্দিকী তা মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এরপর বেলা ২টার দিকে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা আচানুল কবির অভিযোগপত্র দাখিল করেন ।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি প্রবীণ শিক্ষক ড. এস তাহের খুন হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও সাবেক শিবির সভাপতি মাহাবুবুল আলম সালেহীর পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় তাকে। হত্যাকাণ্ডে অংশ নেয় ওই পরিকল্পনাকারীসহ ড. তাহেরের বাড়ির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, তার ভাই সালাম ও আত্মীয় নাজমুল। দুইদিন পর বাসার পেছনের একটি সেফটি ট্যাঙ্কি থেকে পুলিশ ড. তাহেরের লাশ উদ্ধার করে। তখনই আটক করা হয় বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমকে।
৮ ফেব্রুয়ারি আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় জাহাঙ্গীর আলম। এছাড়া তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আটক করা হয় সালাম ও নাজমুলকে। তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
জবানবন্দিতে তারা বলে যে, একই বিভাগের শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও সাবেক শিবির সভাপতি মাহাবুবুল আলম সালেহী হত্যার পরিকল্পনা করে এবং হত্যাকাণ্ডে অংশ নেয়।
আসামী সনাক্ত ও তদন্ত শেষে গত ১৮ মার্চ আদালতে দাখিল করা অভিযোগপত্রে মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান ও সালেহীকে দ্বিতীয় আসামী করা হয়। শিক্ষক মহিউদ্দিন এখন উচ্চ আদালতের জামিনে আছেন।
ড. এস তাহের আহমেদ খুন হওয়ার পর পুলিশ সালেহীকে আটকের চেষ্টা চালালেও দলীয় প্রভাবের কারণে তা সফল হয়নি। শুধু তাই নয় ওই শিবির ক্যাডার ১০ ফেব্রুয়ারি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ করে তাকে আটক করার জন্য পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এছাড়া তৎকালীন রাজশাহীর পুলিশ কমিশনার নাইম আহমেদ তাকে আটকের নির্দেশ দিলে বদলি করা হয় তাকেই।
