মাতুয়াইলে বাস দুর্ঘটনায় নিহত ৪
রাজধানীর যাত্রাবাড়ির থানার মাতুয়াইল এলাকায় রোববার সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হন ছয় জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ঢাকা-নোয়াখালী রুটের এটিসি ট্রান্সপোর্ট কোম্পানির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মারা যায় তিন জন। গুরুতর আহত ছয় জনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক জনের মৃত্যু হয়।
তবে নিহত কারোরই পরিচয় পাওয়া যায়নি।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক মাহবুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
একই থানার সহকারী উপ-পরিদর্শক আসলাম আলী ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের অবস্থা গুরুতর। বাসটি থানায় নিয়ে যাওয়া হবে। তবে বাসচালকের কোনও সন্ধান পাওয়া যায়নি।
দুপুর ২টায় এ বিষয়ে যাত্রাবাড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
