শেরপুর সীমান্তে বন্যহাতির তাণ্ডব
শেরপুর সীমান্তে বন্যহাতির তাণ্ডব শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় এলাকা থেকে আসা ২০/২৫টি বন্যহাতি জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাঁও ও দরগাটিলা এলাকার বোরো ধানের ক্ষেত নষ্ট করেছে।
হাতির পাল ওই এলাকার বেশ কিছু গাছ পালাও তছনছ করে বলে জানিয়েছেন ঝিনাইগাতী নকশি বিডিআর ক্যাম্পের সুবেদার আব্দুল বাতেন।
কৃষকরা মশাল হাতে দীর্ঘ সময় চেষ্টার পর বন্যহাতির দলটি তাড়াতে সক্ষম হন।
এলাকাবাসী জানায়, প্রতি বছরের মতো এবারও বোরো ধান কাটার মৌসুমের শুরুতে বন্যহাতির তাণ্ডব শুরু হয়েছে। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলার সীমান্ত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কৃষকদের মাঝে।
