গুলশানে ঠিকাদারকে গুলি করে হত্যা
রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকায় শনিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঠিকাদার মুজিবুর রহমান (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় অফিসের উদ্দেশে নিজের বাসা থেকে বের হওয়া মাত্রই মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা মুজিবুর রহমানের ওপর গুলি চালায়।
স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক ইকবাল হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মুজিবুর রহমানের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তিনি শাহজাদপুরের ইস্টার্ন ইউনিকের গেটে দাঁড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হন।
ইকবাল হায়াত বলেন, ময়না তদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। বেলা তিনটা পর্যন্ত নিহতের পরিবারের কেউ মামলাও করেনি। পরিবারের কেউ মামলা না করলেও পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবে।
