২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার বাসায় কর্মী-সমর্থকদের ভিড়

বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশের পর বর্তমান মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বাসায় ভিড় করেন দলের বেশ কিছু নেতা-কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 01:54 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

শনিবার সকালে মান্নান ভূঁইয়ার গুলশানের বাসায় দেখা করতে আসেন তারা।

মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করতে আসা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান, ঢাকার মেয়র ও নগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা, সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক মন্ত্রী ও সাংসদ আবদুল আলীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক হুইপ রেজাউল বারী ডিনা, উপ মহাসচিব আশরাফ হোসেন, সাবেক সাংসদ মোজাহার হোসেন প্রমূখ।

আবদুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জিয়াউর রহমানের কেবিনেটে মন্ত্রী ছিলাম। বিএনপির এ দুর্দিনে অবস্থায় দলকে কোনওভাবে বিভক্ত করা যাবে না।”

তিনি বলেন, “বেগম জিয়ার সঙ্গে কথা বলার জন্য দলের মহাসচিবকে আমি অনুরোধ করেছি। দলকে সংগঠিত করতে এবং নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে তারও অবসান ঘটাতে অনুরোধ জানিয়েছি তাকে।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্রিগেডিয়ার (অবঃ) এএসএম হান্নান শাহ শুক্রবার বলেন, দলের বর্তমান মহাসচিব ও স্থায়ী কমিটির পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, জরুরি অবস্থা জারির পর মহাসচিবের কর্মতৎপরতা দলের অনূকূলে নয়।