২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ২ মেয়েকে হত্যার পর পিতার আত্মহত্যার চেষ্টা

রাজধানীর মিরপুরে শুক্রবার রেজাউল করিম নামে এক ব্যক্তি তার দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

নিহতরা হলো ভিকারুন্নেসা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী মাহিমা করিম (১০) এবং তাসনিয়া করিম আভা (৪)।

রেজাউল করিম আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিরপুর ১০ নাম্বারে ময়নামতি জেনারেল স্টোর নামে তার একটি মুদিখানার দোকান রয়েছে।

পুলিশ জানায়, রেজাউল করিম সকাল সাড়ে আটটার দিকে কর্মচারী সোহেলকে দোকানে বসিয়ে রেখে তার মিরপুর ১০ নাম্বারের বি ব্লকের ১১/১ নাম্বার সড়কের বাসায় যান। এ সময় তার স্ত্রী আসমা আক্তার বাসায় ছিলেন না। রেজাউল করিম প্রথমে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা পর নিজে বিষপান করেন। পরে এলাকাবাসী ঘটনা আঁচ করতে পেরে বাসার দরজা ভেঙ্গে তিন জনকে উদ্ধার করে স্থানীয় ‘সাউথ ভিউ’ ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনটায় মাহিমা ও আভাকে মৃত ঘোষণা করেন। রেজাউল করিম আশংকাজনক অবস্থায় হাসপাতালের দুই নাম্বার ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

সন্ধ্যা ছয়টায় মিরপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে থানার একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ফিরে অসার পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।