২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যাত্রীর হামলায় টেম্পু চালক নিহত

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক যাত্রীর হামলায় শুক্রবার জেলার চন্দনাইশের কাঞ্চননগরে মো. রাসেল (২৭) নামে এক টেম্পু চালক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 09:03 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে রাসেল টেম্পুতে যাত্রী নিয়ে পটিয়া থেকে চন্দনাইশে যাচ্ছিলেন। পথে কাঞ্চননগরে এক যাত্রী নেমে যাওয়ার সময় দুই টাকা ভাড়া দেন। টেম্পু চালক তিন টাকা ভাড়া দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর টেম্পু নিয়ে চলে যাওয়ার সময় সেই যাত্রী চালককে লক্ষ্য করে একটি ইট ছুড়ে মারে এবং তার এক আত্মীয় লাঠি দিয়ে টেম্পুর সামনের আয়নায় আঘাত করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল্লাহ জানান, এসব আঘাতে চালক নিয়ন্ত্রণ হারালে টেম্পুটি উল্টে যায়। এতে চালকসহ আহত হন কয়েকজন। আশংকাজনক অবস্থায় চালক রাসেলকে প্রথমে স্থানীয় বিজিসি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।