২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে আরো একটি মামলা

জমি দখলের অভিযোগে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে আসামী করে রাজশাহীর গোদাগাড়ী থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এর আগে বিভিন্ন অভিযোগে ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে আরো চারটি মামলা দায়ের করা হয়।

গোদাগাড়ী থানায় দায়ের করা মামলায় আমিনুল হকের ভাই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক ও এনজিও কার্বের চেয়ারম্যান আসাদউজ্জামান, তার মামা বিএনপি নেতা রফিকুল ইসলাম ওরফে রফিক ডিলারসহ আসামি করা হয়েছে মোট আটজনকে। এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক মন্ত্রীর প্রভাব ও সহযোগিতায় অন্য আসামীরা কার্ব নামের এনজিওর ভবনের জন্য প্রায় দু’একর ব্যক্তিমালিকানাধীন জমি দখল করেছেন-এই অভিযোগে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন জমির মালিক গোদাগাড়ী পৌর এলাকার মজিবুর রহমান।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, ১৯৯৭ সালে ব্যারিস্টার আমিনুল হকের ভাই আসাদউজ্জামান গোদাগাড়ী উপজেলার আমতলি এলাকার পারিবারিক জমিতে তার নিজের এনজিও কার্ব এর প্রধান কার্যালয় স্থাপন করেন।

এরপর তিনি পাশের মজিবুর রহমানের এক দশমিক ৯২ একর জমি বিক্রি করতে চাপ দেন। জমির মালিক রাজি না হলে এক পর্যায়ে ব্যারিস্টার আমিনুল হকের প্রভাব ও সহযোগিতায় আসাদউজ্জামান তার লোকদের নিয়ে পুরো জমি দখল করে নেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দায়ের করা মামলায় ব্যারিস্টার আমিনুল হক ও তার ভাই আসাদউজ্জামান ছাড়াও তার মামা পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ডিলার, কার্বের নির্বাহী পরিচালক মোজাহার হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ডা. ফরিদ উদ্দিন, বিএনপি নেতা সাইদুর রহমান, বেনু মণ্ডল ও আবদুর রহমান শুকুরকে আসামী করা হয়।

শুক্রবার সকালে ডা. ফরিদ উদ্দিন ও সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ। ব্যারিস্টার আমিনুল হকের ভাই আসাদউজ্জামান এখন যুক্তরাষ্ট্রে আছেন।

এর আগে ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে গোদাগাড়ীতে জমি দখলের অভিযোগে একটি, তানোর সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে একটি ও বাগমারায় জঙ্গি মদদ দেয়ার অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়।