২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলা

তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থানায় বৃহষ্পতিবার এ মামলা দায়ের করার ফলে এনিয়ে অস্ত্র এবং সাতটি চাঁদাবাজিসহ মামুনের বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করা হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 07:47 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, বৃহষ্পতিবার রাতে আব্দুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার এক কোটি ১৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামুনসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন।

এজাহারের বরাত দিয়ে মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সরকারের সময় গিয়াসউদ্দিন আল মামুন নিজেকে বিএনপির প্রভাবশালী ব্যক্তি বলে পরিচয় দিয়ে এক কোটি ১৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে কামরুজ্জামান, ওবায়দুল্লাহ খন্দকার ওরফে সোহেল, মাহবুব, হাবলু মোটা তারেক ও মানিক চাঁদা না দেওয়ায় তাকে ভয়ভীতি দেখান। পরে তিনি বাধ্য হয়ে ওই টাকা চাঁদা হিসেবে মামুনকে দিয়েছেন।

গিয়াসউদ্দিন আল মামুনকে ২৬ মার্চ তার পুরনো ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তারের পর ষষ্ঠ দফায় রিমান্ড শেষে বৃহষ্পতিবার বিকেলে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মামুন এরইমধ্যে ধানমন্ডি থানার দুইটিসহ কাফরুল ও গুলশান থানার মোট চারটি চাঁদাবাজির মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।