গ্যাস উদগিরণ বন্ধে নাইকোর বিশেষজ্ঞ ব্রাহ্মণবাড়িয়ায়
তিতাসের তিন নম্বর কূপের গ্যাস উদগিরণ বন্ধের উপায় খুঁজতে নাইকোর ড্রিলিং বিশেষজ্ঞ বব গ্রেস শুক্রবার দুপুরে কূপ এলাকা পর্যবেক্ষণ করেছেন। রোববারে তিনি এ ব্যাপারে প্রতিবেদন দেবেন। এরপরই গ্যাস উদগিরণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পেট্রোবাংলা।
বব গ্রেস তিতাস গ্যাসের ৩ নম্বর কূপ এলাকা ঘুরে দেখার পর সন্ধ্যায় ঢাকা চলে যান। দুপুরে তিনি বাপেক্স ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে গ্যাস উদগিরণ বন্ধে এ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, বব গ্রেসকে বলা হয়েছে গ্যাস উদগিরণের জন্য প্রথম দিকে ফিল্ডের ১০ নম্বর কূপের দুর্বল ভিত্তিকে চিহ্নিত করা হয়। পরে ৩ নম্বর কূপের কিছু ত্রুটি ধরা পড়ায় সেটি সাময়িক ভাবে বন্ধের কাজ শুরু করা হয়।
বৈঠকে আরো জানানো হয়, এক পর্যায়ে দেখা গেছে ফিলিং ফ্লুইড কূপের নিচে না গিয়ে পাইপ ছিদ্র হয়ে বাইরে চলে যাচ্ছে। এজন্য কূপটি বন্ধ করা যায়নি। এ অবস্থায় কূপের সঙ্গে একটি পাইপ সংযোগ দিয়ে নিরাপদ দূরত্বে নিয়ন্ত্রিতভাবে গ্যাস পোড়ানো শুরু করে বাপেক্স।
তিন নম্বর কূপের তলদেশে ত্রুটির কারণে আশেপাশের দুটি গ্রামে বেশ কিছুদিন ধরেই গ্যাস উদগিরণ হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা ও বাপেক্স কূপটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ১৬ এপ্রিল বাপেক্স কূপ বন্ধের প্রক্রিয়ার অংশ হিসেবে কূপের গ্যাস পুড়িয়ে ফেলতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় বাপেক্সের সে চেষ্টা ব্যর্থ হয়।
তিনদিন ধরে কূপটি বন্ধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর পেট্রোবাংলা নাইকোর ড্রিলিং বিশেষজ্ঞ বব গ্রেসকে খবর দেয়। শুক্রবার দুপুরে তিনি তিতাস গ্যাস ক্ষেত্রে পৌঁছান। বব গ্রেস এর আগে মাগুড়ছড়া গ্যাস ক্ষেত্রে কাজ করেছেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাপেক্সের পরীক্ষায় কূপের তলদেশে সমস্যা ধরা পড়েছে। এ অবস্থায় কূপ বন্ধ করে দিলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, বুধবার বিকেল থেকে কূপের ৭৫ শতাংশ গ্যাস ট্রান্সমিশন লাইনে সরবরাহ শুরু হয়েছে। আর বাকিটা পুড়িয়ে ফেলা হচ্ছে।
